খসড়া — ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রথম সম্মেলনে অনুমোদনের অপেক্ষায়

তথ্য যাচাইয়ের উপায়

তথ্য যত বাড়ছে, সত্য-মিথ্যা আলাদা করার দক্ষতা তত জরুরি। কোনো খবর, পোস্ট, ছবি বা AI-এর উত্তর বিশ্বাস বা শেয়ার করার আগে কয়েকটি প্রশ্ন করলেই অনেক ভুল এড়ানো যায়। আমাদের মূলমন্ত্রের "প্রশ্ন" শব্দের কাজ এখানেই। প্রতিটি প্রবাহচিত্রের ছাপার উপযোগী PDF আছে — পাঠচক্র, কর্মশালা বা পাঠাগারের দেয়ালের জন্য।

শুরু করার জন্য: ভুয়া খবর চেনার উপায়, আট ধাপে, হাতে-কলমে শেখার উপযোগী।

যেকোনো দাবির জন্য: SIFT, দ্রুত চার ধাপ।

ChatGPT-জাতীয় উত্তরের জন্য: AI ব্যবহার ও উত্তর যাচাই: আগে "ব্যবহার করব কি না", তারপর SIFT।

ভুয়া খবর চেনার উপায়: আট ধাপের প্রবাহচিত্র (নিচে লেখায় দেওয়া আছে)

শুরু করার জন্য · আট ধাপ

ভুয়া খবর চেনার উপায়

খবরটিকে যাচাই করুন, তারপর নিজেকে। খবর বিশ্বাস বা শেয়ার করার আগে আটটি প্রশ্ন।

ধাপগুলো লেখায় পড়ুন

ক. খবরটিকে যাচাই করুন

  1. উৎস যাচাই করুন — ওয়েবসাইটটি কাদের? উদ্দেশ্য কী? যোগাযোগের ঠিকানা আছে কি?
  2. শিরোনামের বাইরে পড়ুন — চাঞ্চল্যকর শিরোনাম নয়, পুরো ঘটনাটা কী?
  3. লেখককে যাচাই করুন — তিনি কি বিশ্বাসযোগ্য? আদৌ বাস্তব কোনো মানুষ?
  4. সহায়ক সূত্র আছে কি? — লিংকের তথ্য কি সত্যিই খবরটিকে সমর্থন করে?
  5. তারিখ দেখুন — পুরোনো খবর কি নতুন করে ছড়ানো হচ্ছে?
  6. এটা কি নিছক কৌতুক? — অবিশ্বাস্য রকম অদ্ভুত হলে ব্যঙ্গরচনা হতে পারে।

খ. নিজেকে যাচাই করুন

  1. নিজের পক্ষপাত যাচাই করুন — আমার বিশ্বাস কি আমার বিচারকে প্রভাবিত করছে?
  2. বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন — গ্রন্থাগারিক (librarian) বা ফ্যাক্ট-চেক ওয়েবসাইট।

এখনো কোনো সন্দেহ আছে? হ্যাঁ হলে — শেয়ার করবেন না, আগে আরও যাচাই। না হলে — যাচাই করা খবর, সূত্রসহ শেয়ার করুন।

সূত্র: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব লাইব্রেরি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনস (IFLA)-এর পোস্টার "How To Spot Fake News" (২০১৭), FactCheck.org-এর সহায়তায়।

দাবি যাচাইয়ের SIFT পদ্ধতি: চার ধাপের প্রবাহচিত্র (নিচে লেখায় দেওয়া আছে)

যেকোনো দাবির জন্য · চার ধাপ

দাবি যাচাইয়ের SIFT পদ্ধতি

খবর, পোস্ট, ছবি, ভিডিও বা পরিসংখ্যান: বিশ্বাস বা শেয়ার করার আগে থামুন, উৎস দেখুন, আরও সূত্র খুঁজুন, মূলে ফিরুন।

ধাপগুলো লেখায় পড়ুন
  1. S — থামুন (Stop): দাবিটা দেখে কি রাগ, ভয় বা উত্তেজনা হচ্ছে? যেখান থেকে এসেছে, সেই উৎসকে কি আমি চিনি?কৌশল: শেয়ার, লাইক বা মন্তব্যের আগে ৩০ সেকেন্ড থামুন। আবেগ যত চড়া, থামা তত জরুরি। যাচাই করতে গিয়ে খেই হারালে আবার থামুন।
  2. I — উৎস যাচাই করুন (Investigate the source): কে বলছে? তাদের পরিচয়, দক্ষতা আর উদ্দেশ্য কী? এই বিষয়ে কথা বলার যোগ্যতা কি তাদের আছে?কৌশল: সাইট বা পেজের ভেতরে বসে না থেকে নতুন ট্যাবে খুঁজুন, অন্যরা এই উৎস সম্পর্কে কী বলে। একে বলে ল্যাটেরাল রিডিং (lateral reading)।
  3. F — আরও ভালো সূত্র খুঁজুন (Find better coverage): বিশ্বস্ত সংবাদমাধ্যম, বিশেষজ্ঞ বা ফ্যাক্ট-চেক সাইট কি একই কথা বলছে? নাকি দাবিটি কেবল এক জায়গাতেই আছে?কৌশল: মূল দাবিটা নিজের ভাষায় লিখে সার্চ করুন। দুই-তিনটি নির্ভরযোগ্য সূত্রে না মিললে সন্দেহ করুন।
  4. T — মূল প্রসঙ্গে ফিরে যান (Trace claims, quotes and media): উদ্ধৃতি, ছবি, ভিডিও বা পরিসংখ্যানটি প্রথম কোথায়, কবে, কোন প্রসঙ্গে এসেছিল? কেটে-ছেঁটে অর্থ বদলানো হয়নি তো?কৌশল: ছবির জন্য রিভার্স ইমেজ সার্চ (reverse image search) করুন। পরিসংখ্যানের জন্য মূল রিপোর্ট খুঁজে পড়ুন।

এখনো কোনো সন্দেহ আছে? হ্যাঁ হলে — শেয়ার করবেন না, আগে আরও যাচাই। না হলে — যাচাই করা দাবি, সূত্রসহ শেয়ার করুন।

চারটি ধাপ কঠোর ক্রম নয়, চারটি চাল (move): অনেক সময় প্রথম এক-দুই ধাপেই উত্তর মেলে।

সূত্র: মাইক কলফিল্ড (Mike Caulfield)-এর SIFT পদ্ধতি (২০১৯) অবলম্বনে।

AI ব্যবহার ও উত্তর যাচাই: দুই ভাগের প্রবাহচিত্র (নিচে লেখায় দেওয়া আছে)

ChatGPT-জাতীয় উত্তরের জন্য · দুই ভাগ

AI ব্যবহার ও উত্তর যাচাই

আগে তিনটি প্রশ্নে ঠিক করুন AI ব্যবহার করবেন কি না; করলে উত্তরটি SIFT পদ্ধতিতে যাচাই করুন।

ধাপগুলো লেখায় পড়ুন

ক. AI ব্যবহার করবেন কি? আগে তিনটি প্রশ্ন

  1. উত্তর সঠিক হওয়া কি জরুরি? না হলে — ব্যবহার নিরাপদ (যেমন: ভাবনা জাগানো)।
  2. উত্তর যাচাই করার জ্ঞান বা উপায় কি আছে? না হলে — ব্যবহার নিরাপদ নয়।
  3. ভুল থেকে গেলে আইনি ও নৈতিক দায় কি আপনি নেবেন? না হলে — ব্যবহার নিরাপদ নয়।

তিনটিরই উত্তর "হ্যাঁ" হলে ব্যবহার করা যায়, তবে সব যাচাই করুন।

খ. AI-এর উত্তর যাচাই করুন: SIFT (Stop-Investigate-Find-Trace) পদ্ধতিতে

  1. S — থামুন: গোছানো, আত্মবিশ্বাসী উত্তর মানেই কি সঠিক? নাকি এটা শুধু আমার আগের ধারণাকেই সমর্থন করছে?কৌশল: উত্তর পেয়েই কপি বা শেয়ার নয়। AI ভুল কথাও বলে একই আত্মবিশ্বাসে (hallucination)।
  2. I — উৎস যাচাই করুন: AI নিজে কোনো উৎস নয়। সে যে বই, প্রবন্ধ, গবেষণা বা লিংকের কথা বলছে, সেগুলো কি আদৌ আছে?কৌশল: প্রতিটি সূত্র নিজে খুলে দেখুন; AI অনেক সময় সূত্র বানিয়ে ফেলে। সূত্র না দিলে চেয়ে নিন।
  3. F — আরও ভালো সূত্র খুঁজুন: AI-এর বাইরে অন্তত দুটি বিশ্বস্ত সূত্রে (বই, সরকারি তথ্য, গবেষণা) কি একই কথা আছে?কৌশল: AI দিয়ে AI যাচাই নয়। দরকারে গ্রন্থাগারিক (librarian) বা বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন।
  4. T — মূল প্রসঙ্গে ফিরে যান: মূল সূত্রে কি সত্যিই এই কথা আছে? অর্থ বা প্রসঙ্গ বদলায়নি, তথ্য পুরোনো নয় তো?কৌশল: উদ্ধৃতি ও পরিসংখ্যান মূল লেখার সঙ্গে মেলান। উল্লেখ করুন মূল সূত্রের, AI-এর নয়।

এখনো কোনো সন্দেহ আছে? হ্যাঁ হলে — ব্যবহার করবেন না, আগে আরও যাচাই। না হলে — যাচাই করা তথ্য, মূল সূত্রসহ ব্যবহার করুন।

সূত্র: ক. আলেক্সান্দর তিউলকানভ (Aleksandr Tiulkanov)-এর "Is it safe to use ChatGPT for your task?" অবলম্বনে; প্রকাশ: UNESCO IESALC, ChatGPT and Artificial Intelligence in Higher Education: Quick Start Guide (২০২৩), CC BY। খ. মাইক কলফিল্ড (Mike Caulfield)-এর SIFT পদ্ধতি (২০১৯) অবলম্বনে।

ছাপা বা বিতরণের সময় প্রবাহচিত্রের নিচের সূত্র-উল্লেখ অক্ষুণ্ণ রাখুন। পাঠাগারে তথ্যসাক্ষরতা কর্মশালা আমাদের কর্মসূচিরই অংশ (ঘোষণাপত্র, কর্মসূচি ক)।